বরগুনায় ৩ হাজার ৫শত পিস ইয়াবা সহ ব্যবসায়ী গ্রেফতার
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের হাতে ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৫শত পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় প্রেস ব্রিফিং করেন বরগুনার পুলিশ সুপার কুদরত ই ক্ষুদা।
দুপুর ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং করেন তিনি।
২৪ জুলাই শুক্রবার সকালে বরগুনা বাস টার্মিনাল এলাকা থেকে ৩ হাজার ৫শত ইয়াবাসহ ব্যবসায়ী মোঃ সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক সাইতুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চট্টগ্রাম হতে বরগুনাগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবা আসতেছে। সংবাদের ভিত্তিতে তারা আগে থেকেই বাসস্ট্যান্ড এলাকায় গোয়েন্দা নজরদারি রাখে।
তিনি আরও জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ওই বাসটি বরগুনা বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে বাসে অবস্থানরত মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশের সদস্যরা তাকে সন্দেহজনকভাবে আটক করেন। পরবর্তীতে তার ব্যাগ চেক করে ইয়াবা থাকার কথা স্বীকার করে ব্যবসায়ী।
তল্লাশিকালে তার ব্যাগের ভিতর থেকে ৩ হাজার ৫শত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট এর বর্তমান বাজার মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
বরগুনা পুলিশ সুপার ব্রিফিংয়ে আরও বলেন, মাদকদ্রব্য পরিবহন ও বেচা বিক্রি আইনে তার নামে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও বরগুনা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তিনি বলেন।