নড়াইলে অপরাধ নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং সভা
নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল সদর উপজেলার তুলারামপুর বাজার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
সভায় পুলিশ সুপার অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, জুয়া, অনলাইন প্রতারণা, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, সামাজিক বিরোধ ও পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন অপরাধের বিষয়ে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বক্তব্য দেন।
তিনি বলেন, নড়াইল জেলা পুলিশ সর্বদা পেশাদারিত্বের সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো অপরাধ বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
পুলিশ সুপার আরও বলেন, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও জোরদার হলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুস্তাফিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মো. রাসেল সরোয়ারসহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।





মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।