নড়াইল সরকারি বালক বিদ্যালয়ে নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে ঢালাই কাজ শুরু
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবনের ফাউন্ডেশনের কাস্টিং ঢালাইয়ের কাজ অবশেষে শুরু হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) নির্মাণকাজের সাইটে ভালো মানের ব্ল্যাকস্টোন ও বালি সরবরাহের পর ঢালাইয়ের কাজ শুরু করা হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নড়াইলের নির্বাহী প্রকৌশলী অরুনব রায় জানান, ভবনটির ফাউন্ডেশনের কাস্টিং ঢালাইয়ের কাজ দুই থেকে আড়াই মাস আগেই সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে ঠিকাদারের গাফিলতির কারণে তা বিলম্বিত হয়।
তিনি বলেন, কাজের শুরুতে ঠিকাদার নির্মাণসাইটে নিম্নমানের বালি ও পাথর এনে রাখেন। এসব সামগ্রী দিয়ে ঢালাই না করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হলেও তিনি বিষয়টি গুরুত্ব দেননি। এতে নির্মাণকাজে জটিলতা তৈরি হয়।
পরবর্তীতে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম নির্মাণাধীন ভবনটি পরিদর্শন করে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশ দেন। এরপর ঠিকাদার সাইটে থাকা অনুপযুক্ত বালি ও পাথর সরিয়ে নিতে বাধ্য হন। সর্বশেষ ভালো মানের ব্ল্যাকস্টোন ও বালি সরবরাহ করা হলে ঢালাইয়ের কাজ শুরু করা হয়।
এর আগে গত ২২ জুলাই বুধবার বিকেল ৪টার দিকে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণাধীন ছয়তলা ভবন পরিদর্শনে আসেন। এ সময় তিনি নির্মাণকাজে ব্যবহারের জন্য সাইটে রাখা বালি ও পাথরের নিম্নমান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
জানা গেছে, দুটি প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার দারুস সালাম এলাকার সাউথ কল্যাণপুরের মেসার্স মিরণ এন্টারপ্রাইজ। স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠানটির পক্ষে কাজ বাস্তবায়ন করছেন মেসার্স ইডেন এন্টারপ্রাইজ।