খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে নড়াইলে ছাত্রশিবিরের ফুটবল বিতরণ

২৩ জুলাই, ২০২৬ - বিকাল ৬:৫৫
 1.9k
খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে নড়াইলে ছাত্রশিবিরের ফুটবল বিতরণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার উদ্যোগে তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ফুটবল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাচড়া গ্রামের তরুণদের মাঝে এ ফুটবল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সভাপতি তাজ মোহাম্মদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সেক্রেটারি হাফেজ রোমান শেখ,সদর উত্তর থানা সভাপতি এইচ এম আবু তাহেরসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তাজ মোহাম্মদ বলেন,"মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ, সচেতন ও আদর্শবান প্রজন্ম গড়ে তুলতে তরুণদের নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। মাঠে যত বেশি তরুণদের উপস্থিতি নিশ্চিত হবে, ততই তারা মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।"
তিনি আরও বলেন, "যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ এবং বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনকে একযোগে কাজ করতে হবে। ছাত্রশিবির সবসময় তরুণদের সুস্থ বিনোদন ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।