নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

৩ আগস্ট, ২০২৬ - দুপুর ১২:৩৬
 2.9k
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ তানভীর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার খেজুরবাগান বেন্দা গ্রামে একটি চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর ওই গ্রামের আজগর আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, অবসর সময়ে তানভীর বাবার চায়ের দোকানে বিভিন্ন কাজে সহযোগিতা করত। সোমবার সকালে দোকানে পানি গরম করার জন্য একটি বৈদ্যুতিক কেটলি ব্যবহার করে চা বানানোর সময় অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানভীরের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যুর বিষয়টি পুলিশ জেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।