বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় স্বীকৃতির দাবিতে নড়াইলে ডাক কর্মচারীদের ধর্মঘট

১১ জুলাই, ২০২৬ - রাত ৯:৪১
 2.7k
বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় স্বীকৃতির দাবিতে নড়াইলে ডাক কর্মচারীদের ধর্মঘট

বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে নড়াইলে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন ডাকঘরের কর্মচারীরা।

শনিবার (১১ জুলাই) সকাল থেকে নড়াইল প্রধান ডাকঘর চত্বরে কর্মবিরতি পালন করেন আন্দোলনরত কর্মচারীরা। পরে তারা দুই দফা দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলার বিভিন্ন ডাকঘরের কর্মচারীরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ ​মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু তালেব, যশোর জেলা শাখার সভাপতি আকাশ এবং নড়াইল জেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন। এ সামান্য পারিশ্রমিকে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। তাই ন্যায্য দাবি আদায়ে বাধ্য হয়ে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটের কর্মসূচি গ্রহণ করেছেন।

তারা দ্রুত বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সমাবেশ শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।