নড়াইলে ইসলামী শিক্ষা দিবস ও জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নড়াইলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তুলারামপুর ইউনিয়ন শাখার আয়োজনে ইসলামী শিক্ষা দিবস ও জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ইসলামী ছাত্রশিবির নড়াইল সদর উত্তর থানার সভাপতি এইচ এম আবু তাহের।
দিনব্যাপী টুর্নামেন্ট শেষে বিকেল ৫টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাইনাল খেলায় বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু। প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবির নড়াইল জেলা সভাপতি তাজ মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক তানভীর সিকদারসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির তুলারামপুর ইউনিয়ন শাখার সভাপতি আল মামুন।
বক্তারা বলেন, আগামী দিনে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে মাদকমুক্ত যুবসমাজ প্রতিষ্ঠা করা জরুরি। আর মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি তাদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।