যুবকদের দক্ষতা কাজে লাগিয়ে সমৃদ্ধ দেশ গড়তে প্রশিক্ষণ ও কর্মসংস্থান জরুরি - মাওলানা উবাইদুল্লাহ কায়সার
ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন প্রত্যাশা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নড়াইলে যুব র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ নড়াইল জেলা শাখা।
বুধবার (১২ আগস্ট) বিকেলে নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ থেকে র্যালিটি বের হয়। র্যালিটি রূপগঞ্জ বাজার ও হাতিরবাগান গোলচত্বর প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মাদ খিয়াম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা উবাইদুল্লাহ কায়সার।
তিনি বলেন, যুবকদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে সমৃদ্ধ ও নিরাপদ দেশ গড়তে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি। এতে যুবসমাজ মাদক, অপরাধ ও সন্ত্রাস থেকে দূরে থেকে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক, জেলা কর্মপরিষদ সদস্য ড. খান আব্দুস সুবহান, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, উপজেলা কর্মপরিষদ সদস্য আব্বাস আলীসহ জামায়াত ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।