নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি উপকরণ বিতরণ

১১ জুলাই, ২০২৬ - রাত ১১:২৩
 329
নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি উপকরণ বিতরণ

নড়াইলে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে নড়াইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্রীষ্মকালীন সবজির উৎপাদন বৃদ্ধি ও সামাজিক বনায়ন জোরদারকরণের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে উফশী ও হাইব্রিড জাতের বীজ, রাসায়নিক সার এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা, বাঁশের খুঁটি ও জৈব সারসহ নানাবিধ উপকরণ বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। কৃষকেরা যাতে সঠিক সময়ে আধুনিক উপকরণ পেয়ে উৎপাদন সচল রাখতে পারেন, সেজন্যই এই সরকারি প্রণোদনা। নড়াইলের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, সে লক্ষ্যে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। চারা রোপণের পাশাপাশি তার সঠিক পরিচর্যা ও সুরক্ষায় জৈব সার ও বাঁশের খুঁটিও দেওয়া হচ্ছে, যা আমাদের পরিবেশ ও অর্থনীতি উভয়কেই সমৃদ্ধ করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলোক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান। এ সময় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে সরকারি প্রণোদনার এসব সামগ্রী তুলে দেন। সরকারি এই সহায়তা পেয়ে নড়াইলের প্রান্তিক চাষিরা সন্তোষ প্রকাশ করেন এবং এর সঠিক ব্যবহারের প্রত্যয় জানান।