নড়াইলে নির্যাতনের শিকার মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

২ জুলাই, ২০২৬ - রাত ৮:৪১
 1k
নড়াইলে নির্যাতনের শিকার মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতনের শিকার মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেন (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আনোয়ার হোসেন সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রাম গ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আনোয়ার একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন। গত ২৪ জুন সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরদিন সকালে পরিবারের সদস্যরা নড়াইল জেলা হাসপাতালে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন দেখতে পান।
এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলার গোবরা মালোপাড়া এলাকার প্রসেনজিৎ বিশ্বাস, সৌরভ বিশ্বাস, অপূর্ব বিশ্বাস, আকাশ বিশ্বাস ও হৃদয় বিশ্বাসসহ কয়েকজন আনোয়ারকে চুরির অভিযোগে ধরে নিয়ে যান। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাতভর মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
এদিকে আনোয়ারের মৃত্যুর ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম বাজারে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।