নড়াইলে মাদক-সন্ত্রাসমুক্ত গড়ার প্রত্যয়ে বিক্ষোভ সমাবেশ
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নকে সন্ত্রাস, মাদক ও ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
রোববার (১৪ জুন) বিকেলে নলদী ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে নলদীর মিঠাপুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিঠাপুর বাজারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আশরাফুল বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুজ্জামান জামান।
প্রধান অতিথির বক্তব্যে মো. আসাদুজ্জামান জামান বলেন, নলদী ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও সমাজবিধ্বংসী কর্মকাণ্ডের কোনো স্থান হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এসব অপতৎপরতার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন,বর্তমান সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে ১৯৭১ সালের পরাজিত শক্তি জামায়াতে ইসলামী দেশে নানামুখী বিভ্রান্তি ও অশান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি দাবি করেন, জাতীয় বাজেটের বিরোধিতা করতে গিয়ে দলটি প্রকারান্তরে মদ, বিড়ি ও গাঁজার পক্ষে অবস্থান নিয়েছে। অথচ এবারের বাজেটে সাধারণ ও খেটে খাওয়া মানুষের স্বার্থ বিবেচনায় কৃষি খাতের উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি শাহিদুজ্জামান আমল, নলদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু রাজ্জাক বিশ্বাস, নলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জান্নাতুল বিশ্বাস, যুবদল নেতা তরিকুল ইসলাম, ছাত্রদল নেতা মো. খায়রুল ইসলাম, মো. শফিকুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।