নড়াইলে সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে গণশুনানি অনুষ্ঠিত
নড়াইলে সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) জেলা সঞ্চয় অফিস/ব্যুরো নড়াইলের উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়।
জেলা সঞ্চয় অফিস কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সঞ্চয় স্কিমের গ্রাহক এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গ্রাহকদের বিভিন্ন সমস্যা, পরামর্শ ও মতামত শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং তাৎক্ষণিক সমাধান প্রদান করেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয় অফিসার সাইয়্যেদা ফাতিহা তুর রুবাইয়্যাৎ।
এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু।
এদিকে, “সবার আগে বাংলাদেশ, সঞ্চয়ে গড়বো সমৃদ্ধ দেশ” স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো নড়াইলেও পালিত হচ্ছে সঞ্চয় সপ্তাহ-২০২৬। গত ১৪ জুন শুরু হওয়া এ কর্মসূচি আগামী ১৮ জুন পর্যন্ত চলবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে পরিবার সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রসহ বিভিন্ন সঞ্চয় স্কিম চালু রয়েছে। এসব স্কিমের মাধ্যমে জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।