জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২৬ এর চূড়ান্ত প্রতিযোগিতায় লড়তে ঢাকায় নড়াইলের শাহরিয়ার

১৫ জুন, ২০২৬ - দুপুর ১:২১
 137
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২৬ এর চূড়ান্ত প্রতিযোগিতায় লড়তে ঢাকায় নড়াইলের শাহরিয়ার

সারা দেশের সেরা প্রতিভাদের মেধা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী শুরু হওয়া জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে লড়তে এখন ঢাকায় অবস্থান করছে নড়াইলের কৃতী সন্তান এম. শাহরিয়ার হোসেন।

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এই ছাত্র খুলনা বিভাগীয় পর্যায়ে ‘হামদ-নাত’ বিভাগে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের গৌরব অর্জন করেছে। আগামীকাল ১৬ জুন মঙ্গলবার রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে শাহরিয়ার হোসেন খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করে দেশসেরা হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছে।

​এম. শাহরিয়ার হোসেন নড়াইল জেলার বিশিষ্ট ফ্রিল্যান্সার এম সাদ্দাম হোসেন এবং সোনালী হোসেন দম্পতির পুত্র। ছেলের এই গৌরবময় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে পিতা এম সাদ্দাম হোসেন জানান, শাহরিয়ার ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিটি স্তরেই প্রথম স্থান অধিকার করে আজকের এই অবস্থানে পৌঁছেছে। তিনি আরও বলেন, শাহরিয়ারের এই অভাবনীয় সাফল্যের পেছনে তার বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাদের সুনিপুণ দিকনির্দেশনা, পরিবারের নিরবচ্ছিন্ন সহযোগিতা এবং বিশেষভাবে হাফেজ আল-আমিন হোসাইন-এর আন্তরিক প্রশিক্ষণ ও সার্বক্ষণিক উৎসাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সাথে তিনি ছেলের আগামীকালের চূড়ান্ত লড়াইয়ের জন্য নড়াইলবাসীসহ দেশের সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

​প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় পর্যায়ের এই চূড়ান্ত আসরে অংশ নেওয়া প্রতিযোগী শিক্ষার্থী এবং তাদের সাথে আসা একজন অভিভাবকের জন্য ঢাকায় সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় নিরাপদ আবাসন ও যাতায়াত ভাতার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এবারের জাতীয় নীতিমালায় বিজয়ীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় পুরস্কারের পরিধি নির্ধারণ করা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারীর জন্য ৩০ হাজার টাকা, স্বর্ণপদক এবং সম্মানজনক সনদপত্র প্রদান করা হবে।

​খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের চূড়ান্ত ফলাফল বিবরণী থেকে জানা যায়, শাহরিয়ারের পাশাপাশি নড়াইল জেলা থেকে আরও দুই ক্ষুদে প্রতিভাবান খুলনা বিভাগে প্রথম স্থান লাভ করে জাতীয় মঞ্চে পা রেখেছে। বিভাগীয় পর্যায় থেকে শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে আসা দলজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এম. শাহরিয়ার হোসেন জাতীয় পর্যায়ের এই চূড়ান্ত মঞ্চে তার সুরের জাদু ছড়িয়ে অবলীলায় কৃতিত্বের স্বাক্ষর রাখবে এবং জেলা ও নিজ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পরম গৌরব বয়ে আনবে এমনটাই যৌথভাবে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহপাঠী এবং নড়াইল জেলার স্থানীয় শিক্ষা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।