বরগুনায় জামায়াত প্রার্থী ডা. সুলতান আহমদ গণসংযোগ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পদপ্রার্থী আলহাজ্ব ডাঃ সুলতান আহমদ গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেতাগী উপজেলায় এ প্রচারণা চালায়। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজের নির্বাচনী বার্তা পৌঁছে দেন।
গণসংযোগকালে আলহাজ্ব ডাঃ সুলতান আহমদ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং জামায়াতের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, দেশে সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা আপসহীনভাবে কাজ করতে চাই। বরগুনা-২ আসনের উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন।
জনগণ যদি তাকে নির্বাচিত করে, তাহলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। গণসংযোগে জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।