ডাকসু নিয়ে বিরূপ মন্তব্য করা সেই জামায়াত নেতার ক্ষমা প্রার্থনা

২৫ জানুয়ারি, ২০২৬ - রাত ৯:৫৪
 0  922
ডাকসু নিয়ে বিরূপ মন্তব্য করা সেই জামায়াত নেতার ক্ষমা প্রার্থনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ ছিল বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান।

এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। এই ঘটনা রোববার (২৫ জানুয়ারি) সন্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন সমালোচিত ওই সেক্রেটারি জেনারেল শামীম আহসান। 

তিনি ভিডিও বার্তায় বলেন, ২০২৪ সালের আগে ডাকসু ছিল নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দখলে। ছাত্রলীগের পলাতক সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও পলাতক সভাপতি সাদ্দাম হোসেন ২০১৯ সালের ডাকসুকে কুক্ষিগত করেছিল। এই পরিচয়কে ব্যবহার করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজির আখড়া হিসেবে গড়ে তুলেছিল। তাছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা যেমন: সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ককে কেন্দ্র করে অনৈতিক কর্মকান্ডে নেতৃত্ব দিত তারা। যা বিভিন্ন সময় পত্রপত্রিকায় উঠে এসেছে। এগুলো কারোরই অজানা কথা নয়। 

আমি আমার বক্তব্যে মূলত নিষিদ্ধ ছাত্রলীগের সেই সকল অপকর্মের কথাই বুঝিয়েছি। জুলাই বিপ্লবের পর ২০২৪ সালের ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ও সর্বোচ্চ সমর্থন পেয়ে ছাত্রশিবিরের প্যানেল নির্বাচিত হয়। এরপর থেকে ডাকসু চাঁদাবাজ, মাদক কারবারী, সিট বাণিজ্য ও অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে সরব ভূমিকা পালন করে আসছে। সেই প্রেক্ষিতে আমি বুঝিয়েছি, নিষিদ্ধ ছাত্রলীগ ডাকসুতে যে কালিমা লাগিয়েছিল ছাত্রশিবির তা মুছে দিতে সক্ষম হয়েছে। তারপরও আমার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কষ্ট পেয়ে থাকলে আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থনা করছি।

এর আগে গতকাল শনিবার রাতে বরগুনার পাথরঘাটার কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে জামায়াতের প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

শামীম আহসান বলেন, ‘আমরা দেখছি, ডাকসু নির্বাচনের পরে, যে ডাকসু মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তাই এই বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, সকল প্রকার চাঁদাবাজ, সকল প্রকার দুর্নীতি উৎখাত করতে জামায়াতে ইসলামী সক্ষম।’

নির্বাচনী ওই জনসভায় শামীম আহসান আরও বলেন, ‘আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টির জন্য। পরকালের নাজাতের জন্য। তাই আপনাদের সেই ইমানের বলে বলীয়ান হয়ে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে আগামী দিনে ভোটকেন্দ্রে কোনো রকম হাঙ্গামা করতে না পারে, এ জন্য আপনাদেরকে সিসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশা আল্লাহ।’