বরগুনায় নির্বাচনী জেরে ইন্টারনেট ব্যবসার ক্যাবেল কেটে ফেলেছে দুর্বৃত্তরা

২৬ ফেব্রুয়ারি, ২০২৬ - রাত ১১:১০
 0  247
বরগুনায় নির্বাচনী জেরে ইন্টারনেট ব্যবসার ক্যাবেল কেটে ফেলেছে দুর্বৃত্তরা

বরগুনায় জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচন করায় ইন্টারনেট ব্যবসার তার কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত কয়েকদিন যাবৎ এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন পরিবারটি।

বরগুনার বামনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন সাবেক অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন করায় তার ২ ছেলের ইন্টারনেট ব্যবসার লাইনে এমন হামলা হয়েছে বলে দাবী করেন। ২৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বিকাল ৫টায় বামনায় তাদের নিজ বাড়িতে সংবাদ সম্মলন করে এসব অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে তার পুত্র সৈয়দ নাহিন আহসান অভিযোগ করে বলেন, তাদের নিজ মালিকানাধীন ‘রুরাল নেট’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের আওতায় গত প্রায় ৮ বছর যাবৎ বামনা উপজেলার বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা প্রদান করা আসছে। এর আগে কখনও তাদের ইন্টারনেট লাইনের ক্যাবেল কাটা কিংবা অন্য কোন সমস্যায় পরতে হয়নি। তিনি তার বক্তব্যে বলেন, বিগত সময়ও আমরা রাজনৈতিকভাবে ক্ষমতার বিরোধী ছিলাম। তখনও এরকম কোন ঘটনা ঘটেনি। গত ৯-১০ দিন যাবৎ উপজেলার বিভিন্ন এলাকার ক্যাবেল কেটে টুকরো টুকরো করে ফেলছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৭-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। 

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেন। বামনা থানার টহল টিম টহল কার্যক্রম বাড়ানোর দাবীও জানান তিনি।

এ ঘটনায় বামনা থানায় লিখিত অভিযোগ করেন ‘রুরাল নেট’ এর স্বত্ত্বাধিকারী সৈয়দ এম.এম. শাফিন আহসান। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত কয়েকদিন থেকে আমাদের ইন্টারনেট লাইনের ক্যাবেল তার ও যন্ত্রাংশ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ৫ শতাধিক গ্রাহক ক্ষতিগ্রস্থ্য হয়েছে মর্মে অভিযোগে উল্লেখ করেন। তিনি অভিযোগে বেশ কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজও দাখিল করার বিষয়ও উল্লেখ করেন।

অভিযোগের বিষয় বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।