বরগুনায় অবৈধ কাঠ কয়লার কারখানায় ভ্রাম্যমান আদালত, ১ লাখ টাকা জরিমানা

৫ মার্চ, ২০২৬ - বিকাল ৬:০৬
 0  272
বরগুনায় অবৈধ কাঠ কয়লার কারখানায় ভ্রাম্যমান আদালত, ১ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তর-এর বরগুনা জেলা কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বরগুনা সদর উপজেলা-এর যৌথ উদ্যোগে অবৈধভাবে পরিচালিত একটি বায়ু দূষণকারী কাঠ কয়লার কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

বুধবার (০৪ মার্চ ২০২৬) বরগুনা সদরের ১০ নং নলটনা ইউনিয়নের আজগরকাঠী গ্রামে এ অভিযান পরিচালিত হয়।



‎অভিযানে দেখা যায়, কারখানাটি পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে কাঠ কয়লা উৎপাদন করে আসছিল, যা স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছিল।



‎ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ৮ নং ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই সঙ্গে বায়ু দূষণকারী কাঠ কয়লা উৎপাদন কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়।



‎অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বরগুনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান। অভিযানে বরগুনা থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে।



‎জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ দূষণকারী ও অবৈধভাবে পরিচালিত সকল শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থান নেওয়ার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



‎স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কাঠ কয়লার চুল্লির ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছিল। প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।