ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন রক্ষায় নড়াইলে মানববন্ধন
নড়াইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র স্থিতিশীলতা, গ্রাহক আস্থা ও সুশাসন বজায় রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ব্যাংকটির বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান বক্তারা।
রবিবার (২৪ মে) সকাল ১০টায় নড়াইল শহরে ইসলামী ব্যাংকের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, নড়াইলের আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ফোরামের নড়াইল কমিটির সভাপতি অধ্যক্ষ মাকসুদুর রহমান।
মানববন্ধনে বক্তব্য দেন ব্যাংকের গ্রাহক আবিদুর রহমান বাবু, মো. ফারুক হোসেন, মো. রিয়াজুল ইসলাম, মো. খালিদ হাসান, রিফাত, উম্মে সালমা, মো. আসাদুজ্জামান ও মো. মামুনুর রশিদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, এস আলম গ্রুপ অতীতে ইসলামী ব্যাংকে ব্যাপক অনিয়ম ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালে ব্যাংকটি ওই চক্রের প্রভাবমুক্ত হলেও পুনরায় সেই গোষ্ঠীকে ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে বলে দাবি করেন তারা। এ সময় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে হস্তক্ষেপ ও সুশাসন ব্যাহত হওয়ার অভিযোগও তোলা হয়।
মানববন্ধন থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— গ্রাহকদের আস্থা ও ব্যাংকের স্থিতিশীলতা বজায় রাখতে এমডি মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল, এএমডি কামাল উদ্দিন জসীমকে বহিষ্কার, চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র বন্ধ এবং ব্যাংকের ওপর গভর্নরের কথিত অবৈধ হস্তক্ষেপ বন্ধ করা।
এ ছাড়া বক্তারা এস আলম গ্রুপ–এর চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবিও জানান।
মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।