নিরাপদ কালিয়া গড়ার অঙ্গীকার দশ দলীয় জোট প্রার্থী ওবায়দুল্লাহ কায়সারের

৩০ জানুয়ারি, ২০২৬ - রাত ৮:০০
 0  381
নিরাপদ কালিয়া গড়ার অঙ্গীকার দশ দলীয় জোট প্রার্থী ওবায়দুল্লাহ কায়সারের

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের উদ্যোগে নড়াইল–১ আসনের অন্তর্গত কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে পশ্চিম কলাবাড়িয়া প্রাইমারি স্কুল মাঠে এ জনসভার আয়োজন করা হয়। কলাবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জবেদ আলী-এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোঃ মোস্তাক আহমেদ-এর সঞ্চালনায় জনসভাটি অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নড়াইল–১ আসন (নির্বাচনী আসন-৯৩) এর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, “আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে কালিয়াবাসী নিরাপদে বসবাস করতে পারবে। আমি অঙ্গীকার করছি—আগামী প্রজন্ম যেন একটি সমৃদ্ধ ও নিরাপদ কালিয়ায় জীবনযাপন করতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা জনগণের সেবক হতে চাই, শাসক হতে নয়। বিশেষ করে যুবসমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত কালিয়া গড়াই আমাদের প্রধান লক্ষ্য।”

দখলবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “এই সমাজে জমি দখল, বাড়ি দখল ও ঘের দখলকারীদের কোনো স্থান হবে না। যারা মানুষকে কষ্ট দেয়, তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না—বরং তারা মানবশত্রু।”

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দশ দলীয় জোটকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ।

জনসভা শেষে পশ্চিম কলাবাড়িয়া প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে কলাবাড়িয়া বাজার প্রদক্ষিণ করে জনসভার সমাপ্তি ঘটে।