নড়াইলে ফুটবল ম্যাচের জেরে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ

৩ জুলাই, ২০২৬ - রাত ৮:৩১
 3.6k
নড়াইলে ফুটবল ম্যাচের জেরে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইল সদর উপজেলায় চার দিন আগের একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা চালিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ জুলাই) বেলা তিনটার দিকে উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কাজী (৬৫) সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের মৃত আকমল কাজীর ছেলে। তবে তিনি ভদ্রবিলা ও পলইডাঙ্গা গ্রামের মধ্যবর্তী মহারাগ গ্রামে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে সদর উপজেলার ভদ্রবিলা বাজার এলাকায় ভদ্রবিলা ও পাশের পলইডাঙ্গা গ্রামের কিশোরদের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার সময় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে দুই দফায় বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও উত্তেজনা প্রশমিত হয়নি।

নিহতের পরিবারের অভিযোগ, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে শুক্রবার বিকেলে ভদ্রবিলা বাজারে যাওয়ার পথে মোস্তফা কাজীর ওপর অতর্কিত হামলা চালায় ভদ্রবিলা এলাকার কয়েকজন ব্যক্তি। এ সময় তাঁকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”