বরগুনায় ছুটির দিনে হামের টিকাদান কর্মসূচীর উদ্বোধন
সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। হাসপাতালগুলোতে ভিড় করছে হামে আক্রান্ত শিশুরা। সংক্রামক এই রোগ মূলত শ্বাসতন্ত্রকে আক্রমণ করে এবং দ্রুত একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে।
হাম বাড়ার প্রধান কারণ হলো টিকাদান কর্মসূচিতে ঘাটতি। অনেক শিশু নিয়মিত টিকাদান কর্মসূচি বা ইপিআই থেকে বাদ পড়ে যাওয়ায় তাদের শরীরে রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়নি। এ ছাড়া ঘনবসতিপূর্ণ এলাকা এবং অপুষ্টির কারণেও ভাইরাসের বিস্তার দ্রুত ঘটে।
বরগুনায় এরই মধ্যে হামে আক্রান্তের সংখ্যা ২৫ জন। বরিশাল বিভাগে সবথেকে বেশি হামে আক্রান্ত বরগুনা জেলায়।
এরই মধ্যে বরগুনায় শুরু হয়েছে টিকাদান কর্মসূচী। শনিবার (০৪ এপ্রিল) দুপুর ১২টায় বরগুনার বেদে পল্লীতে বসবাস করা ১৮ জন শিশুকে টিকা দেয়া হয়। টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন ডা: মোহাম্মদ আবুল ফাত্তাহ।
টিকাদান কর্মসূচীর পাশাপাশি বেদে পল্লীতে বসবাসরত পরিবারের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়।