নড়াইলের লোহাগাড়ায় টিকটক-ফ্রি ফায়ারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ১০

৯ এপ্রিল, ২০২৬ - সকাল ৯:৫১
 0  1.7k
নড়াইলের লোহাগাড়ায় টিকটক-ফ্রি ফায়ারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ১০

নড়াইলের লোহাগাড়া উপজেলায় তুচ্ছ ঘটনা থেকে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামের বাসিন্দারা। বুধবার সকালে লাহুড়িয়া বাজারে হেলমেট, ঢাল ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয় উভয় পক্ষ।

পুলিশ জানায়, মঙ্গলবার লাহুড়িয়ার হাফেজ আব্দুল করিম একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে টিকটক ও ফ্রি ফায়ার খেলা নিয়ে ১১ নলী ও ৮৫ পাড়ার ছেলেদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে বুধবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে লাহুড়িয়া বাজার এলাকায়। একপর্যায়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে।