লোহাগড়ায় জমি নিয়ে প্রতিবেশির বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ

৯ জুন, ২০২৬ - রাত ১০:২৯
 385
লোহাগড়ায় জমি নিয়ে প্রতিবেশির বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ

লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে নাজমুল ইসলামের বাড়িতে হামলা, চাঁদা দাবি ও নারীদের মারধর করে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে প্রতিবেশি ফাতেমা বেগম তুলি তার স্বামী মিজানুর মোল্যা তার ভাই তরিকুল ইসলামের বিরুদ্ধে।

মঙ্গলবার (৯ জুন) বেলা ১১ টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামে এমন ঘটনা ঘটে।

ভুক্তভোগী নাজমুলের মা সালেহা বেগম বলেন  "ঈশানগাতী মৌজার ১২৯৭ দাগের সাড়ে ৪ শতাংশ জমির মধ্যে ২ শতাংশ জমির মালিকানা নিয়ে একই গ্রামের ফাতেমা বেগম তুলি, তার স্বামী মিজানুর মোল্যা ও ভাই তরিকুল ইসলামের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে আদালতে মামলা হলে আমি মালিকানার পক্ষে রায় পাই। কিন্তু আদালতের সেই রায় না মেনে তারা ওই ২ শতাংশ জমি দখলের চেষ্টা করলে আমি ও আমার পরিবারের সদস্যরা বাধা দিই। এর আগে বিভিন্ন সময়ে আমাদের হুমকি, ধমকি ও ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না চাইলে গতকাল সোমবার বিকেলে আমাদের বাড়ির উপর এসে আমাদের মারতে আসে এমনকি আমাদের একজন মেয়েকে মারধর করে মোবাইল নিয়ে গেছে।এবং দ্রুত লোহাগড়া থানায় অভিযোগ করি পরে পুলিশ আসে। আমি প্রশাসনের নিকট এর বিচার চাই।"

 ভুক্তভোগী নাজমুল এর চাচাতো বোন হাসিবা আক্তার বলেন "আমি ঘটনা দেখতে গেলে হামলাকারীরা আমাকে মারধর করে। আমার কাছে থাকা এন্ড্রুয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়।"


অভিযোগের ব্যাপারে জানতে কথা হয় অভিযুক্ত তরিকুল ইসলামের সাথে এসময় তিনি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এর আগে আমাকে মামলা দিয়ে হয়রানি করেছে। এসবের সাথে আমরা জড়িত নই।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সোমবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীরা এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।