খুলছে নড়াইলের লোহাগড়ার মালোপাড়ার রাস্তা
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের মালোপাড়ায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় শান্তিপূর্ণ সমাধান হয়েছে। আগামীকাল বুধবার সকাল থেকে প্রাচীর অপসারনের কাজ শুরু হবে।
বিকাল ৪ টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৯ টা পযন্ত অনুষ্ঠিত আলোচনা সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর নিদের্শনায় নড়াইলের জেলা প্রশাসকের নির্দেশে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
নড়াইলের অতিরিক্ত জেৃলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস জানান, আজ অনুষ্ঠিত সভায় উভয় পক্ষে সম্মতিতে ওই স্থানে নির্মিত সীমানা প্রাচীরটি অপসারনের সিদ্ধান্ত হয়েছে আগামীকাল সকাল থেকে ব্যারিষ্টার দেদার-ই-এলাহী ওই স্থানে নির্মিত সীমানা প্রাচীর অপসারন করে নিবেন। মালোপাড়ায় জনসাধারনের চলাচলের নতুন রাস্তা নির্মান করার জন্য জায়গা ছেড়ে দিবেন। আশা করছি এই মাধ্যমে দীর্ঘদিন যাবত চলে আসা এই বিরোধের স্থায়ী সমাধান হবে।
তিনি বলেন, নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু স্যারের আন্তরিক প্রচেষ্টা এবং নড়াইলের জেলা প্রশাসকের ড. মোহাম্মদ আব্দুল সালাম স্যার এর নির্দেশে একটি টীম নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,এলাকাবাসীর উপস্থিতিতে দীর্ঘ আলোচনা সভার মাধ্যমে এই সমস্যার সমাধাণ করা সম্ভব হয়েছে।
মালোপাড়ার বাসিন্দা ভূক্তভোগী সুশান্ত বিশ্বাস বলেন, দীর্ঘ আলোচনা শেষে বিষয়টি সুন্দর সমাধান হয়েছে। আগামীকাল থেকে নির্মান করা দেয়ালটি সরিয়ে ফেলা হবে এবং সাথে সাথে আমাদের চলাচলের জন্য নতুন রাস্তার জায়গা দেয়া যে সিদ্ধান্ত হয়েছে তাতে আমরা সন্তুষ্ট।
সভায় উপস্থিত ব্যারিষ্টার দেদার-ই-এলাহী প্রতিনিধি মোঃ হায়দার বলেন, সকাল থেকে দেয়াল অপসারনের কাজ শুরু করা হবে। বিষয়টি সমাধান হয়ে গেছে।
সভায় নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ কামরুজ্জামান, লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সুম্মিতা সাহা, নড়াইল-২ আসনের সদস্য এর প্রতিনিধি জামায়াত নেতা সামিউল হক টুটুল, বিএনপি নেতা টিপু সুলতান, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদকসহ গণমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল সালাম বলেন, বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করি। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে একটি টিমকে ঘটনাস্থলে পাঠায়। প্রতিনিধিদল এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে উভয় পক্ষের সম্মতিতে ওই সীমানা প্রাচীর অপসারনের সিদ্ধান্ত নিয়েছে। সেখানে নতুন রাস্তার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, এ বিষয়টি জানার সাথে সাথে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসনকে জানাই এবং সার্বক্ষনিক যোগাযোগ রাখি। আজ অনুষ্ঠিত সভায় বিষয়টি সুন্দর সমাধান হয়েছে। নতুন জায়গায় রাস্তা নির্মানের জন্য দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।আশা করছি এখন থেকে উভয় পক্ষ শান্তিপূর্নভাবে বসবাস করতে পারবে।
উল্লেখ্য,দীর্ঘদিন ধরে লক্ষীপাশা মৌজার সাবেক দাগ নং ২৬১ ও আর.এস ২০২৮ দাগের জমির একটি অংশ স্থানীয়দের যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। যা নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গত ১৬ এপ্রিল ওই জায়গায় প্রাচীর নির্মাণ করেন ব্যারিষ্টার দেদার-ই-এলাহী লোকজন। এতে অন্তত ২৫টি সংখ্যালঘু জেলে পরিবারের চলাচলের একমাত্র পথ বন্ধ হয়ে যায়।