নড়াইলে পুকুরে পানিতে ডুবে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়া উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে আয়েশা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
আয়েশা উপজেলার আড়িয়ারা গ্রামের ওহিদ শেখের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-মায়ের সঙ্গে চর আড়িয়ারা গ্রামে নানা মন্নু শেখের বাড়িতে বেড়াতে যায় আয়েশা। বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়।
পরে আয়েশাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি তার জানা নেই। এ ঘটনায় পুলিশকে কেউ অবহিত করেনি।