নড়াইলে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

২৩ জুন, ২০২৬ - রাত ৭:০৭
 191
নড়াইলে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫ টায় জেলা এনসিপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নড়াইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন সময়ে সংঘটিত গুম, খুন, ধর্ষণসহ নানা অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, দেশের জনগণ একটি ন্যায়ভিত্তিক সমাজ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে।

সমাবেশে বক্তারা বলেন, তারা বর্তমান সরকারের ওপর আস্থা রাখতে চান এবং আশা করেন যে বিগত সময়ে সংঘটিত গুম, খুন, ধর্ষণ ও অন্যান্য অপরাধের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে। তারা আরও বলেন, প্রতিটি অপরাধের নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করা গেলে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধি পাবে।

বক্তারা পিলখানা হত্যাকাণ্ডসহ বিভিন্ন আলোচিত ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক (কৃষিবিদ) মুন্সি জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, জেলা এনসিপির সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি, যুবশক্তির যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অনিকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিটি সঞ্চালনা করেন সাবেক জেলা যুবশক্তির আহ্বায়ক ইয়াসিন আরাফাত। সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।