শিক্ষার্থীদের নিরাপদ পানি নিশ্চিত করতে এমপি আতাউর রহমান বাচ্চুর উদ্যোগ।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু-এর ব্যক্তিগত অর্থায়নে নড়াইল পৌরসভার চারটি কিন্ডারগার্টেন স্কুলে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য ফিল্টার মেশিন স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ফিল্টার মেশিন স্থাপন করা হয়েছে সেগুলো হলো পৌর সানফ্লাওয়ার প্রিপারেটরী স্কুল, চিল্ড্রেন ভয়েজ স্কুল, হলি চাইল্ড কেয়ার হোম প্রি-ক্যাডেট স্কুল এবং রেসিডেনশিয়াল স্কুল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য ও পৌর মেয়র পদপ্রার্থী হেমায়েতুল হক হিমু এবং জেলা কর্মপরিষদ সদস্য মাকসুদুল বাহার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তব্যে এমপি বাচ্চু বলেন, এটি কোনো সরকারি প্রকল্প বা বাজেটের আওতাভুক্ত নয়; সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়িত হয়েছে। একটি সভায় কিন্ডারগার্টেন স্কুলগুলোতে বিশুদ্ধ পানির সংকটের কথা জানার পর তিনি এ উদ্যোগ গ্রহণ করেন। তিনি বলেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও অনেক ক্ষেত্রে কিন্ডারগার্টেন স্কুলগুলো প্রয়োজনীয় সুবিধা থেকে বঞ্চিত থাকে।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চান এবং তাদের সমস্যা ও প্রয়োজনের কথা সরাসরি শুনতে আগ্রহী। তাঁর দুয়ার সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও তিনি জানান।
শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে এমপি বাচ্চু বলেন, শুধু উচ্চশিক্ষা অর্জনই যথেষ্ট নয়; সততা, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলিও সমান গুরুত্বপূর্ণ। একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক বিস্তার ও দুর্নীতি প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
পরিশেষে তিনি জানান, বর্তমানে স্থাপিত ফিল্টার মেশিনগুলো একটি প্রাথমিক উদ্যোগ। ভবিষ্যতে শিক্ষার্থীদের চাহিদা বৃদ্ধি পেলে আরও বৃহত্তর পরিসরে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হবে।