সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইল প্রেসক্লাবের মানববন্ধন

২৪ জুন, ২০২৬ - দুপুর ১:৪৪
 190
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইল প্রেসক্লাবের মানববন্ধন

ঢাকার ধানমন্ডি-৩২ এলাকায় জামায়াতের সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে বুধবার (২৪ জুন) শহরের আদালত সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা বারবার হামলা, নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন, যা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য গভীর উদ্বেগের বিষয়। তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। গণমাধ্যমকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নড়াইল প্রেসক্লাবের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, “গণমাধ্যমকর্মীরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে প্রতিনিয়ত মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন। তাদের ওপর হামলা কেবল একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, মুক্ত গণমাধ্যম এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।” তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে নড়াইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এস এম আব্দুল হক, ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ লাবলু, সিনিয়র সাংবাদিক খায়রুল আরেফিন রানা, সিনিয়র সাংবাদিক কাজী হাফিজুর রহমান, আল আমিন সহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নিয়ে সাংবাদিকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।