নড়াইলে ৯০ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
নড়াইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ইসমাইল হোসেন বাপ্পি, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু, সিনিয়র সাংবাদিক কাজী হাফিজুর রহমান, খায়রুল আরেফিন রানা, এম. মুনির চৌধুরীসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন সারাদেশের মতো নড়াইল জেলাতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন ৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় আরও জানানো হয়, নড়াইল জেলায় এবার মোট ৯০ হাজার ৬০৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু এবং ১২-৫৯ মাস বয়সী শিশুরা অন্তর্ভুক্ত থাকবে।
ক্যাম্পেইন সফল করতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। কোনো শিশু যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সে লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণায় গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ।
অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।