অনুদান বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন এমপি বাচ্চু
ঐচ্ছিক তহবিলের অনুদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা-সমালোচনার জবাব দিয়েছেন নড়াইল-2 আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। তিনি দাবি করেছেন, বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে এবং প্রকৃত তথ্য সময়মতো জনগণের সামনে তুলে ধরা হবে।
সম্প্রতি সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান মঞ্জুর সংক্রান্ত একটি সরকারি তালিকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে গত শুক্রবার (২৬ জুন) নিজের ফেসবুক পোস্টে বক্তব্য দেন এমপি বাচ্চু।
তিনি বলেন, “এমনকি সেই টাকাটাও এখনও আমি হাতে পাইনি। কিন্তু এখন দেখছি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিছু লেখা হচ্ছে। টাকা হাতে পাওয়ার পর অর্থবছর শেষে অন্যান্য অনুদানের মতো প্রকৃত তালিকা নড়াইল-২ আসনের জনগণ জানতে পারবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “যারা হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আমার অফুরন্ত দোয়া। নির্বাচনের পূর্বেও অনেকের অপপ্রচারের কারণে মহান আল্লাহ আমার পরিচিতি অনেক বাড়িয়ে দিয়েছিলেন।”
জনগণের অর্থ ব্যবহারের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে এমপি বাচ্চু বলেন, “জনগণের হকের একটি পয়সাও আমি বা আমার পরিবারের কেউ আগামী পাঁচ বছরে ছুঁয়ে দেখবে না ইনশাআল্লাহ।”
এদিকে এমপি বাচ্চুর সমর্থকদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি তালিকার আংশিক তথ্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তাদের মতে, প্রশাসনিক প্রক্রিয়া শেষে চূড়ান্ত উপকারভোগীদের তালিকা প্রকাশিত হলে প্রকৃত তথ্য সবার সামনে আসবে।